স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিজিবি ও র্যাবের পৃথক অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গতকাল সকালে পৃথক অভিযান চালিয়ে ৩১ লাখ ৪১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ একটি ট্রাক জব্দ করে।
বিজিবির একটি চৌকস টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ট্রাক থামার সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশী করে ভারত থেকে অবৈধপথে আনা বিপুল পরিমান ভারতীয় জিরা এবং কারেবী মেহেদী উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়।
অপর দিকে বিজিবি ও র্যাব এর যৌথ অভিযানে অভিনব কায়দায় পিকআপে লাকড়ির নিচে পরিবহনের সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চকলেট, বিস্কুট এবং যানবাহনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবি এবং র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক ২টি পিকআপ আটক করা হয়। পিকআপ দুটিতে (লাকড়ি) জ্বালানী কাঠ ছিল। কাঠ সরিয়ে দুইটি পিকআপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো, মাঞ্চ চকলেট জব্দ করা হয়। এসময় এসব অবৈধ মালামাল পরিবহন কাজে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। জব্দকৃত যানবাহন ও পণ্যের আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন- জ্বালানি কাঠ পরিবহনের আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।