স্টাফ রিপোর্টার ॥ শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার এর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাথের অভিযোগ উঠেছে। এতে করে বাগানটি দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার দুর্নীতির বিরুদ্ধে ইতোপূর্বে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। জানা যায়, শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দি গোপাল রায় যোগদানের পর থেকেই বাগানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। যোগদানের পূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি তার এলাকায় দলীয় পদেও ছিলেন। ওই পদকে ব্যবহার করে তিনি শাহজিবাজার রাবার বাগানে বদলী হয়ে আসেন। এখানে এসেই তিনি দুর্নীতি ও লুটপাটের জড়িয়ে পড়েন। ইতিপূর্বে সদর দপ্তর এর দাপ্তরিক আদেশে ৬ হাজার রাবার গাছ গিয়াস উদ্দিন তালুকদার নামের এক ব্যক্তিকে টেন্ডার অনুযায়ী বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তিনি গোপনে ৬ হাজার এর সাথে আরো ৫শ অতিরিক্ত রাবার গাছ গোপনে দিয়ে দেন। আর এই ৫শ গাছের মূল্য প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা তিনি স্থানীয় টেপার ফারুক মিয়ার মাধ্যমে আত্মসাত করেন। এছাড়াও বাগানের নতুন নার্সারী থেকে ১৪০০ গাছ কাটার কথা থাকলেও তিনি ফারুক মিয়ার মাধ্যমে ১৮০০টি গাছ কর্তন করেন। অতিরিক্ত ৪শ গাছের মূল্য মোট ৫ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাত করেন। তিনি যোগদানের পর রাবার বাগানে লুটপাটে নিমজ্জিত থাকায় গত ২৪-২৫ অর্থ বছরে টার্গেটের চেয়ে ৬৫ টন রাবার কম উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য কেজি ২৪০ টাকা ধরে মোট ১ কোটি ৫৬ লক্ষ টাকার রাবার উৎপাদন কম হয়েছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এছাড়াও তিনি বাগানের জঙ্গল পরিস্কার না করে ভূয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোন টেপার ভয়ে মুখ খুলে কথা বলার সাহস পায়নি। এতে করে তিনি দেদারছে লুটপাট ও আত্মসাত করে যাচ্ছে অনবরত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হবে শাহজিবাজার রাবার বাগান।