মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি, জোটভুক্ত দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী মাঠে চরম উত্তাপ তৈরি হয়েছে।
নির্বাচনী ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৮৮ সালে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল মোছাব্বির এবং ১৯৯১ সালে জাতীয় পার্টির খলিলুর রহমান চৌধুরী রফি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির শেখ সুজাত মিয়া জয় লাভ করেন। একই বছরের জুন নির্বাচন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সালে দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুর পর ২০১১ সালের উপ-নির্বাচনে বিএনপির শেখ সুজাত মিয়া পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে জাতীয় পার্টির এম. এ. মুনিম চৌধুরী, ২০১৮ সালে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এবং সর্বশেষ ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এ আসন থেকে বিজয়ী হন। বর্তমানে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ সুজাত মিয়া সক্রিয়ভাবে ভোটের মাঠে রয়েছেন। অন্য দলের প্রার্থীদের তৎপরতা তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে।
প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ-বাহুবল আসনে এবার শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মরহুম অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া। তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দিন-রাত মাঠে গণসংযোগ চালাচ্ছেন। গত ৭ ফেব্রুয়ারি দিনারপুর পরগনা খ্যাত ৪টি ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে ড. রেজা কিবরিয়াকে সমর্থন দেয়া হয়েছে। ওই এলাকায় ৬০ থেকে ৭০ হাজার ভোটার রয়েছে। এটি রেজা কিবরিয়ার জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।
ড. রেজা কিবরিয়া বলেন, “বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে বলেই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি বড় নেতা হতে নয়, বরং নবীগঞ্জ-বাহুবলের মানুষের একজন সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দিন।”
মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে মাঠ পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়, ইনসাফভিত্তিক বাংলাদেশ চায়। আমি ঘরে ঘরে গিয়ে জনগণের প্রত্যাশার কথা শুনছি। ইনশাআল্লাহ জনগণ আমাকে রিকশা মার্কায় নির্বাচিত করলে নবীগঞ্জ-বাহুবলের সার্বিক উন্নয়নে কাজ করব এবং যে কোনো বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করব।”
অপরদিকে বিএনপির বহিষ্কৃত নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়াও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ-বাহুবলের মানুষের সঙ্গে কাজ করেছি। দলের ক্রান্তিকালে কর্মীদের পাশে থেকেছি। ২০১১ সালের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করেছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নবীগঞ্জ-বাহুবলের জনগণ ঘোড়া মার্কায় এ আসন উপহার দেবেন।”
সব মিলিয়ে এবার হবিগঞ্জ-১ আসনে এবার দ্বিমুখী লড়াই হতে পারে বলে সচেতন মহল মনে করছেন। তবে জনগণ কাকে বেছে নেয় সেজন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com