মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ ৮ মে বুধবার বানিয়াচং উজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কে হাসবে বিজয়ের হাসি। সেটা দেখতে যার যার কর্মী সমর্থকরা গুনে গুনে সময় পার করছেন। বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার সৈয়দ কামাল হোসেন জানান, প্রতিটি ইউনিয়নে দায়িত্বে পালন করবেন একজন ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৭ থেকে ১৮ জনের দল নিরাপত্তার দায়িত্বে থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ৯৯৯-এ অভিযোগ জানানো যাবে। তিনি বলেন, সাধারণ ভোট কেন্দ্রসমূহে নির্ধারিত আইনশৃংখলা বাহিনীর সদস্য আগে যা ছিল, সেটা থেকে যথেষ্ট পরিমাণ বাড়ানো হয়েছে। এখন প্রতিটি সেন্টারে অস্ত্রসহ পুলিশ মোতায়েন থাকবে ৪ জন, অস্ত্রসহ আনসারের পিসি এপিসিসহ থাকবে ৩ জন, মোট ৬ জন অস্ত্রধারী সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রতিটি বুথ ম্যানেজমেন্টের জন্য কমপক্ষে ১০ জন আনসার থাকবে। ৬ টির বেশি বুথ যেখানে আছে সেখানে অতিরিক্ত আরও একজন করে থাকবেন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশ সদস্য থাকবেন ৪ জন, অস্ত্রসহ আনসার সদস্য থাকবেন ৩ জন, মোট ১৭ থেকে ১৮ জন ফোর্স মোতায়েন থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। আচরণবিধি মানা হচ্ছে কিনা সেটা দেখভালের জন্য ভোটের দিন এবং ভোটের পরে দুদিন তারা সেখানে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ‘আনসার, পুলিশ, বিজিবি, র্যাব এর সমন্বয়ে গড়ে প্রতি পাঁচটি সেন্টারের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স প্রস্তুত থাকবে। বানিয়াচং সদরসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে তারা জানান সুষ্ঠু, নিরেপক্ষ এবং আনন্দঘন পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারগণ যেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখবে নির্বাচন কমিশন। কোথাও নির্বাচনী আচরণবিধি লংঘন করা হলে তাৎক্ষনিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একটি সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থী ও বানিয়াচংয়ের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতাও চেয়েছেন নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন আরশাদ হোসেন খান, ফারুক আমিন, কৃষ্ণ দেব, আশরাফ হোসেন খান ,সৈয়দ নাছিরুল ইমাম, এসএম সুরুজ আলী, প্রিয়তোষ রঞ্জন দেব, মোঃ আসিক মিয়া এবং তাফাজ্জুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিন্দ্বন্দ্বিতা করছেন জাহেনারা আক্তার বিউটি, শিউলী রাণী দাস এবং মুক্তা রানী দাশ (প্রিয়া)। বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২লাখ ৭৮ হাজার ৯শ ৮জন। তন্মধ্যে ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নে ভোটার রয়েছে ২২ হাজার ৩শ ৭৭জন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে ১৯ হাজার ৪শ ৫জন, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে ২৩ হাজার ২শ ৩৭, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নে ২১ হাজার ৭শ ৪৫ জন, ৫নং দৌলতপুর ইউনিয়নে ২৪ হাজার ৯৯জন, ৬নং কাগাপাশা ইউনিয়নে ২০ হাজার ৩শ ৭জন, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে ১৬ হাজার ২শ ৩১ জন, ৮নং খাগাউড়া ইউনিয়নে ২০ হাজার ৬শ ৮৪ জন, ৯নং পুকড়া ইউনিয়নে ১৯ হাজার ৮শ ২১ জন, ১০নং সুবিদপুর ইউনিয়নে ১২ হাজার ৯শ ৫৩ জন, ১১নং মক্রমপুর ইউনিয়নে ২০ হাজার ৮শ ১২ জন, ১২নং সুজাতপুর ইউনিয়নে ১৫ হাজার ৭শ ৫৪ জন, ১৩নং মন্দরী ইউনিয়নে ১৪ হাজার ৭শ ৯০ জন, ১৪নং মুরাদপুর ইউনিয়নে ১১ হাজার ১শ ১১জন এবং ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ১৫ হাজার ৫শ ৮৪ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৪১ হাজার ১শ ৩২জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৩৭ হাজার ৭শ ৭৬জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১শ ৬টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ১শ ৬ জন, সহকারী প্রিজাইডিং হিসেবে রয়েছেন ৬শ ৪৫জন এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ১২শ ৯০ জন।