শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে উপজেলার শিবপাশা পশ্চিমভাগ গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে রাজিব মিয়া (২২) নামে এক মেধাবী ছাত্র প্রতিপরে হামলায় খুন হয়েছে। পশ্চিমভাগ গ্রামের রেজেন মিয়ার ছেলে। নিহত রাজিব ঢাকা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডিপ্লোমা ফাইনাল বর্ষের ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে পশ্চিমভাগ গ্রামের রেজেন মিয়ার ছেলে ও নিহতের ছোট ভাই রাকিব মিয়ার টমটমের সাথে একই এলাকার রেনু মিয়ার পুত্র মোস্তাকিম মিয়া (২৬) এর টমটমের ধাক্কা লাগে। এতে করে মোস্তাকিমের টমটম কিছুটা তি হয়। এ বিষয়টি শালিসে মিমাংসার জন্য রাতে রেনু মিয়ার বাড়িতে যায় টমটম চালক রাকিব মিয়ার পিতা রেজেন মিয়া ও তার বড় ভাই ঢাকা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ডিপ্লোমা ৪র্থ বর্ষের ছাত্র রাজিব মিয়া। যাওয়ার পর টমটম চালক মোস্তাকিম মিয়া শালিসের মধ্যে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে রাজিব মিয়ার মাথায় আঘাত করে। এতে রাজিব আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল রোববার ভোর ৬ টায় সে মারা যায়। ৫ ভাই ও ২ বোনের মধ্যে রাজিব সবার বড়। পরিবারে তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। রাজিব মারা যাওয়ায় দরিদ্র পরিবারের দীর্ঘদিনের সেই লালিত স্বপ্নও ধূলিস্যাৎ হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়না তদন্তের পর সন্ধা ৭টায় জানাযা শেষে দাফন করা হয়। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তালুকদার জানান, এ ঘটনাটি গতকাল শনিবার রাতে সালিশ বিচারে ঘটেছে। মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্তি পুলিশ সুপার বানিয়াচং (সার্কেল) শেখ মোঃ সেলিম আহমেদ। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।