স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাও গ্রামে খোয়াই নদীর বালু উত্তোলন নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, ওই গ্রামের সেলিম মিয়া ও জামাল মিয়ার মাঝে অবৈধভাবে খোয়াই নদীর বালু উত্তোলন নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় মামুন (২২), সুমন (২০), সেলিম (৩০), জামাল (৩৫), কামাল (৩৮), সুজন (২৫), নিমচান (৮০), জেসমিন (২৪), সুমি (২২), কফিল (২৫), সোহেল (২২) ও সামসুদ্দিন (৫০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।