মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব। গত বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফাতেমা বেগম মাধবপুর থানার রসুলপুর এলাকার আবুল কাশেমের মেয়ে ও বাবুল মিয়ার স্ত্রী।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানে আটক ফাতেমা বেগমের বসতঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তার ভেতর থেকে ৩৬১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।