মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি মারা যান। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় এ গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা ও দাফনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।