নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরশহরের বর্জ্য অপসারণ ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায়, শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং পরিবেশ দূষণ রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো: রুহুল আমিন।
গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো: জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো: সহিদুল হক, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য মোঃ হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি পৌর পশুর হাটের সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে পৌরশহরের বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ ও নির্দিষ্ট স্থানে ফেলার কোনো স্থায়ী জায়গা না থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ পশুর হাটের পাশে এই জায়গাটি চিহ্নিত করেছে। পরিদর্শনকালে পৌর প্রশাসক মো: রুহুল আমিন বলেন, “একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। শহরের বর্জ্য যত্রতত্র না ফেলে একটি নির্দিষ্ট স্থানে প্রক্রিয়াজাত করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জনস্বাস্থ্য নিশ্চিত হবে। আমরা পশুর হাটের পাশে যে জায়গাটি নির্ধারণ করেছি, সেখানে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির সম্ভাব্যতা যাচাই করতেই আজ এখানে এসেছি।”
তিনি আরও বলেন, পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও শহরের সৌন্দর্য বর্ধনে বর্তমান পৌর প্রশাসন অঙ্গীকারবদ্ধ। এই ডাম্পিং স্টেশনটি নির্মিত হলে শহরের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনের সময় পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারিগরি ও পরিবেশগত সকল নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে এই ডাম্পিং স্টেশন তৈরির কার্যক্রম শুরু করা হবে। নবীগঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন পৌরবাসী। তারা মনে করছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং নবীগঞ্জ একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে।