রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় গতকাল শনিবার ভোরে জনতার সহযোগিতায় ৩টি গরুসহ গরুচোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ফাড়ি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-শনিবার ভোর প্রায় ৪টার দিকে ৫টি গরু নিয়ে ৩ চোর উপজেলার চৌমুহনী সোনাই নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদী থেকে বালু উত্তোলনকারী শ্রমিক হাসান ও উসমানের সন্দেহ হয়। তারা চোরদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় চোরেরা উত্তেজিত হয়ে পড়ে। হাসান ও উসমান চিৎকার চেচামেচি শুরু করলে আশ-পাশের লোকজন ছুটে আসে। এ সময় কৌশলে বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের কাজিমউদ্দিন ছেলে গরুচোর জহিরুল ইসলাম (৩৮) ২টি গরুসহ তার সঙ্গীকে নিয়ে সটকে পড়ে। কিন্তু অপর সঙ্গী উপজেলার আনন্দপুর গ্রামের মৃত লিল মোহন দেবের ছেলে অমর চন্দ্র দেব (৩৬) ৩ টি গরুসহ জনতার হাতে আটক হয়।
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির আই.সি কৌশিক ঘটনাস্থলে পৌছে গরু উদ্ধার ও চোরকে গ্রেফতার করে। পরে অমরের স্বীকারোক্তিমতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহনপুর গ্রামে অভিযান চালিয়ে চোরের সর্দার মহন মিয়ার ছেলে মুখলেছ মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।