স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে “ভূমি সেবা মেলা ২০২৬” উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসন সম্মেলন করে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.জি.এম. সরফরাজ। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবুল হাশেম। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক সময় ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ভোগান্তি ও হয়রানির অভিযোগ ছিল। কিন্তু ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন অনেক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া, ই-নামজারি, স্মার্ট ভূমি সেবা এবং অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরাসরি সেবা প্রদানের পাশাপাশি জনগণকে ভূমি সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ও অনলাইন ব্যবস্থার সঙ্গে পরিচিত করা হবে। জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবা মানুষের মৌলিক প্রশাসনিক অধিকারগুলোর একটি। তাই ভূমি অফিসে সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্নীতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবুল হাশেম বলেন, ভূমি সেবা মেলায় জেলার বিভিন্ন উপজেলার ভূমি অফিসের কার্যক্রম তুলে ধরা হবে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত ভূমি সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি সকলকে ভূমি সেবা মেলায় অংশগ্রহণ করে সরকারি সেবাগুলো সম্পর্কে জানার আহ্বান জানান। প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলায় সেবা বুথ, তথ্যকেন্দ্র, পরামর্শ সেবা ও অনলাইন আবেদন সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষজ্ঞদের পরামর্শও পাওয়া যাবে। শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, গণমাধ্যমের ইতিবাচক প্রচারণার মাধ্যমে জনগণ ভূমি সেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে আরও বেশি সচেতন হবে এবং সরকারি সেবা গ্রহণে আগ্রহী হবে।
কনফারেন্সে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রফিক, যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুয়েল চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।