স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ উন্নয়নের নামে মানুষকে ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমরা মানুষের কাছে তার বিপরীত চিত্র উপহার দেব। মানুষকে উন্নয়ন দিবো, মানুষকে স্বস্থিতে রাখবো। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে। বিএনপি নির্বাচনের পূর্বে জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের সময় আঙ্গুলে দেয়া কালি শুকানোর পূর্বেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যেই ফ্যামেলী কার্ড ও কৃষি কার্ড চালু করেছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করেছে। ইমাম মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিত-সেবকদের সম্মানী ভাতা প্রদান করেছে। তিনি গতকাল বুধবার বিকালে শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা ময়দানে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আনন্দ র্যালী শুরুর প্রাক্কালে এক সমাবেশে এসব কথা বলেন। হবিগঞ্জের উন্নয়নে ব্যাপক বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে এমপি জি কে গউছ আরও বলেন- হবিগঞ্জ কোর্ট স্টেশন থেকে লাখাই উপজেলার বলভদ্র ব্রীজ পর্যন্ত সড়কটি ফোর লেনে উন্নীত করতে প্রায় ৭শ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কটি ফোরলেন করার জন্য প্রায় ৪শ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হচ্ছে। হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার ১৭টি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, ঈদগা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে প্রতি ইউনিয়নে ৩০ লাখ টাকা করে বরাদ্ধ দিয়েছেন। এই ৩টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও প্রায় ২ কোটি টাকা ও ১৮০ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তিনি বলেন- হবিগঞ্জের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়ে দিতে চাই হবিগঞ্জের মানুষের ভালবাসা ও দোয়া আপনার সাথে আছে।
র্যালী ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, এডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আওয়াল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এফ এম আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা সিনিয়র সহ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ওলামাদলের আহবায়ক ক্বারী কবির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ প্রমুখ।