স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে আবারও ট্রান্সফরমারে ব্যবহৃত বিদেশি আমার্ড ক্যাবল চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। পুলিশের টহল থাকার পরও সুযোগ বুঝে এ ঘটনা ঘটায় চরম উদ্বেগ দেখা দিয়েছে বাগানজুড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে দেউন্দি চা-বাগানের ১৭ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। তবে বাগানের পাহারাদারদের বাধার মুখে ডাকাতরা কেবল চুরি করতে ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা-বাগানে ধারাবাহিকভাবে ট্রান্সফরমার ও কেবল চুরির ঘটনা ঘটছে। এতে করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়ে বাগানগুলো অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে দেউন্দি, লাল চান্দ ও নোয়াপাড়া চা বাগানে বারবার চুরির ঘটনায় চা শিল্প বড় ধরনের তির মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। বাগান সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একাধিকবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সাম্প্রতিক সময়ে অভিযোগ গ্রহণ নিয়েও টালবাহানার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একজন বাগান কর্তৃপক্ষের প্রতিনিধি বলেন, “প্রতিনিয়ত ট্রান্সফরমার ও ক্যাবল চুরির চেষ্টা হচ্ছে। এতে বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
স্থানীয়দের প্রশ্ন, উপজেলার অন্যান্য চা-বাগানে এমন ঘটনা কম হলেও কেন দেউন্দি, লাল চান্দ ও নোয়াপাড়া বাগানগুলোতেই বারবার চুরি হচ্ছে, এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।