শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় ধারণ ক্ষমতার চার গুণেরও বেশি অটোরিকশা ও টমটম চলাচল করায় বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্ধশতাধিক অবৈধ চার্জিং গ্যারেজ, যেখানে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত একযোগে হাজারেরও বেশি যানবাহন চার্জ দেয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, রিকশার তুলনায় টমটমের ব্যাটারি বড় হওয়ায় বিদ্যুৎ খরচও বেশি হচ্ছে, যা সামগ্রিক লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শহরের কামড়াপুর পয়েন্ট, নাতিরাবাদ, গরু বাজার, খোয়াই মুখ, শ্মশানঘাট, আনোয়ারপুর পয়েন্ট, ২নং পুল পোদ্দার বাড়ি, ধুলিয়াখাল, মাছুলিয়া, কোর্ট স্টেশন, লাখাই রোডসহ বিভিন্ন এলাকায় গ্যারেজ রয়েছে। পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা অবৈধ চার্জিং গ্যারেজগুলোতে প্রতিদিন রাতভর ২০ থেকে ৫০টি পর্যন্ত যানবাহন একসঙ্গে চার্জ দেয়া হচ্ছে। এসব গ্যারেজে অধিকাংশ ক্ষেত্রেই কোনো বৈধ সংযোগ বা নির্দিষ্ট মিটারিং ব্যবস্থা নেই। অভিযোগ রয়েছে, সরাসরি লাইন টেনে কিংবা অনিয়মিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ফলে সরকারের রাজস্ব তির পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়ও তৈরি হচ্ছে অস্থিরতা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে এবং মাঝেমধ্যে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এতে গৃহস্থালি কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঘটনাও বাড়ছে। তাদের অভিযোগ, এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো পদপে দেখা যাচ্ছে না। একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এসব অবৈধ গ্যারেজ পরিচালিত হচ্ছে। মাস শেষে প্রতিটি গ্যারেজ থেকে কমিশন নেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি প্রকাশ্যে থাকলেও কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সচেতন মহল বলছে, শুধুমাত্র লোডশেডিং দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং অবৈধ চার্জিং গ্যারেজগুলো বন্ধ করে নিয়ন্ত্রিত ও লাইসেন্সপ্রাপ্ত চার্জিং স্টেশন চালু করতে হবে। একই সঙ্গে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে চার্জিং কার্যক্রম সীমাবদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ সংশ্লিষ্টরা মনে করছেন, টমটমের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ আরও বৃদ্ধি পাবে। এখনই কার্যকর উদ্যোগ না নেয়া হলে হবিগঞ্জে লোডশেডিং ও বিদ্যুৎ সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com