হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া মিড ডে মিল কর্মসূচিতে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে বাহুবল উপজেলায়। নির্ধারিত দিনে ডিম ও রুটি সরবরাহের কথা থাকলেও উপজেলার অর্ধেকের বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিছুই পায়নি।
জানা গেছে, গতকাল শনিবার (৪ এপ্রিল) উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম ও রুটি বিতরণের কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রধান সড়কের পাশের কয়েকটি বিদ্যালয়ে শুধু ডিম দিয়ে দায়সারা কাজ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার। অধিকাংশ বিদ্যালয়ে রুটি সরবরাহ করা হয়নি, এমনকি অনেক শিক্ষার্থী ডিম থেকেও বঞ্চিত হয়েছে। এদিকে মিড ডে মিল কর্মসূচিতে দুধ ও বিস্কুট দেওয়ার কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে তা সরবরাহ করা হয়নি। অনেক শিক্ষার্থী রুটি তো দূরের কথা, বিস্কুট কিংবা দুধও চোখে দেখেনি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সপ্তাহে একদিনের এই কর্মসূচিতে অনেক সময় শুধু বিস্কুট দিয়ে দায়িত্ব শেষ করা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, সরকারের একটি ভালো উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় ঠিকাদারি অনিয়ম ও দুর্বল তদারকির কারণে ভেস্তে যাচ্ছে।
লাকুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল মিয়া বলেন, “গত দুই মাস আগে শুধু বিস্কুট পেয়েছি, এরপর আর কিছুই মেলেনি।” বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, “আজকে শুধু একটি ডিম দেওয়া হয়েছে। তাও ছিল ভাঙা ও নষ্ট।” গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীরা মিড ডে মিলের কিছুই পায়নি। বরাদ্দ থাকলেও বাস্তবে কিছু আসেনি।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “আমি বর্তমানে সিলেটে আছি। ডিম-রুটি পাওয়ার কথা ছিল। কেন পায়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে এমন বড় ধরনের অনিয়মের পরও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।