স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এনসিপি ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে এনসিপি’র কেন্দ্রীয় নেতাসহ ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রকাশ রোকন। মামলাটি গত ১ আগস্ট হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক এফআইআর গণ্যে রুজু করেন। মামলার আসামীরা হলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাছিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় শক্তি হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক নুর আলম চৌধুরী, জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন জাকি, মোঃ আব্দুল হাই কামাল, রুহাম গাজী, এনসিপির হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী, এনসিপির হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, এনসিপির হবিগঞ্জ জেলার আহবায়ক আবু হেনা মোস্তফা কামালসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০জন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ কোর্ট মসজিদ সংলগ্ন প্রধান সড়কে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীল এর পরিবারের সাথে সাক্ষাত ও শোকসভার অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে ছাত্রদলের নেতৃবৃন্দ উল্লেখিত স্থানে একত্রি হন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এনসিপি’র হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ শহরের সাইফুর রহমান টাউন হলে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শেষ করে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছামাত্রই উভয় দলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় দলের নেতৃবৃন্দ গুরুতর আহত হন। আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে গত ১ আগস্ট শহরের শায়েস্তানগরের বাসিন্দা মৃত আব্দুর রহিম এর পুত্র জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রকাশ রোকন বাদী হয়ে এনসিপি’র উল্লেখিত নেতৃবৃন্দকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।