মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জের সার্বিক উন্নয়নে আমৃত্যু কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জমিয়ত ও গণঅধিকার পরিষদের সমর্থিত ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, “বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার সবই করব। প্রয়োজনে আব্দুল্লাহ ভাই এবং আমি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়ে বসে থাকব। এলাকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেখান থেকে আসব না।”
গতকাল শুক্রবার বিকালে স্থানীয় নতুনবাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় নেতা-কর্মীসহ সাধারণ জনতার ঢল নামে। ডা. জীবন এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, হাওরবেষ্টিত এই জনপদ দীর্ঘকাল ধরে অবহেলিত। নির্বাচিত হলে এই অঞ্চলকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি । বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সুপেয় পানি ও উন্নত চিকিৎসার নিশ্চয়তা দেওয়ার কথা জানান ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই নেতা। এলাকার সমস্যা সমাধানের জন্য তিনি শীর্ষ নেতৃত্বের দ্বারে দ্বারে যেতেও কুণ্ঠাবোধ করবেন না। জনসভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনার আহবান জানান। নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি আব্দুল জলিল ইউসুফী, এছাড়া স্থানীয় গণঅধিকার পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।