স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন যেন অপরাধীদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে উঠেছে। চুরি-ছিনতাই, ব্যাগ টানাহেঁচড়া, মাদক কেনাবেচা, পতিতাবৃত্তিসহ এমন কোনো অপরাধই নেই যা এখানে ঘটে না। বিশেষ করে সন্ধ্যার পর স্টেশন ও আশপাশের এলাকা আরও ভয়াবহ রূপ নেয়। প্রকাশ্যেই চলে মাদক কেনাবেচা। যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, মূল ভবন ও তিনটি প্ল্যাটফরম ঘিরে সক্রিয় রয়েছে একাধিক ভাসমান অপরাধী চক্র। অনেক যাত্রী ছিনতাই কিংবা হয়রানির শিকার হলেও অভিযোগ করেন না; যারা অভিযোগ করেন তারাও বেশিরভাগ সময় প্রতিকার পান না। প্ল্যাটফরমে থাকা জুতা পালিশকারী, ছদ্মবেশী ভিক্ষুক থেকে শুরু করে চা বিক্রেতা ও টিকিট কালোবাজারিসহ অনেকেই বিভিন্ন অপরাধে জড়িত বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ স্টেশনে গিয়ে দেখা যায়, ১ নম্বর প্ল্যাটফরমে ভাসমান মানুষের ভিড়। উঠতি বয়সী ৪-৫ জন যুবক হাতবদলের মাধ্যমে কী যেন লেনদেন করছে। ওভার ব্রিজের ওপর থেকে দেখা যায়, প্রকাশ্যেই গাঁজা বিক্রি হচ্ছে। অনেক চা বিক্রেতা ও জুতা পালিশকারীও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। রিকশাচালক ও কম আয়ের মানুষদেরও সেসব মাদক কিনতে দেখা গেছে।
২ নম্বর প্ল্যাটফরমের পাশে মোবাইল টাওয়ারের নিচে রেলওয়ের পরিত্যক্ত টিনশেড ঘরগুলো ভাসমান পতিতা, মাদকসেবী, হিজড়াসহ বিভিন্ন অপরাধীর আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে সূত্র। এখান থেকেই সহজে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ সব ধরনের মাদক পাওয়া যায়। এছাড়া ‘সেবক’ ও ‘মলম’ পার্টি নামে একটি চক্র দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে, বিশেষ করে নারী ও বয়স্ক যাত্রীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, “স্টেশনে বহু ধরনের অপরাধী ঘোরাফেরা করে। ভিক্ষাবৃত্তি, যাত্রী হয়রানি, ছিনতাই, মাদক বিক্রি-সবই চলে পুলিশের চোখের সামনেই। মাঝে মাঝে কাউকে ধরলেও পরে ছাড়া পেয়ে আবার একই কাজে নামতে দেখা যায়।”