বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই কালজয়ী স্লোগানকে ধারণ করে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংগঠন ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’। দুবাই প্রবাসী প্রয়াত সনু ময়ার শোকসন্তপ্ত পরিবারের ঋণের বোঝা নামানো এবং সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বানিয়াচংয়ের সন্তান সনু মিয়া জীবিকার তাগিদে দুবাই অবস্থানকালে কিছুদিন পূর্বে ঘুমের ঘোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই প্রবাসী ভাইদের সহযোগিতায় তার দাফন সম্পন্ন হয়। তবে তার আকস্মিক মৃত্যুতে দেশে থাকা স্ত্রী তার একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর রেখে যাওয়া ঋণের দায় এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে যখন পরিবারটি ঘোর অন্ধকারের মুখোমুখি, ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে দেয় বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই।
সংগঠনটির পক্ষ থেকে সংগৃহীত ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা আনুষ্ঠানিকভাবে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই অর্থ দিয়ে প্রয়াত সনু মিয়ার বকেয়া দেনা পরিশোধসহ পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হবে।
শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের প্রতিনিধি প্রবাসী মো. শহীদুল ইসলাম, মোবাশ্বির মিয়া ও শাহজাহান মিয়া এই অর্থ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা তাঁতীদলের সভাপতি মওদুদ আহমেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এবং সায়মা কসমেটিক্সের স্বত্বাধিকারী বড়বাজারের ব্যবসায়ী যুবায়ের আহমদ।
উপস্থিত সুধীবৃন্দ প্রবাসীদের এই মহানুভবতার প্রশংসা করে বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তারা দেশের যেকোনো সংকটে ও মানবিক প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়ান। বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই-এর এই উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য একটি উজ্জ্বল শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com