নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি, হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সমর্থনে আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গতকাল শনিবার বিকালে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যকালে শেখ সুজাত মিয়া বলেন, ৪০টি বছর আমার জীবন, যৌবন, আরাম আয়েশ বিসর্জন দিয়ে নবীগঞ্জ-বাহুবলে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছি। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি। যা আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত আছেন। সদ্য বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসন আমলে উপ নির্বাচনে বিজয়ী হয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, মুক্তাদির চৌধুরী, মুর্শেদ আহমেদ, মুশফিকুজ্জান চৌধুরী নোমান, ওলামা দল সভাপতি মাওঃ শুয়েবুর রহমান চৌধুরী, জাসাস সভাপতি কাজী সেলিম, মহিলা দল সভাপতি শ্যামলা বেগম, যুবদল নেতা শেখ শিপন, খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বক্তব্য রাখেন। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, জাসাস’সহ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তাগণ, আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন। এর কোন বিকল্প নবীগঞ্জ বাহুবলবাসী মেনে নিবেন না বলে বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, নবীগঞ্জ-বাহুবলে শেখ সুজাত মিয়া মানেই বিএনপি ও ধানের শীষ।
উল্লেখ্য, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপি এখনো চুড়ান্তভাবে কাউকে মনোনয়ন দেয়নি। মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন ড. রেজা কিবরিয়া, আলহাজ্ব শেখ সুজাত মিয়া, শাহ মোজ্জাম্মেল আলী নান্টু ও ছাবির আহমদ চৌধুরী। কে হবেন ওই আসনের সৌভাগ্যমান ব্যক্তি তা ২/৩ দিনের মধ্যে পরিস্কার হবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদী। এ ক্ষেত্রে সাবেক এমপি শেখ সুজাত মিয়াই রয়েছেন মনোনয়ন দৌড়ে সর্বাগ্রে এগিয়ে বলে দলীয় সূত্রে দাবী করেছেন।