বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এলাকায় সংঘটিত এক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে রিপন মিয়ার পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিপক্ষের নজর ছিল। তিনি জানান, বৃহস্পতিবার সকালে রিপন মিয়া গংদের ভূমি জোরপূর্বক দখল করতে প্রতিপক্ষের লোকজ দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে তাদের ওপর আকস্মিক হামলা চালায়।
রিপন মিয়ার ভাষ্য অনুযায়ী, “আমাদের ভূমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যেই তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা আগে থেকেই ওঁত পেতে ছিল। আমরা আত্মরক্ষাও করতে পারিনি।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় রিপন মিয়ার পরিবারের সদস্যরা তাদের রক্ষায় এগিয়ে এলে উভয় পরে মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কয়েকজনের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার পর থেকে উমরপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, এ বিরোধের জের ধরে আরও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।