স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমরা ভোট দিতে চাই, আমরা ভোট সেন্টারে যেতে চাই। নির্বাচন নামক ট্রেনটি চালু হয়েছে। প্রতিটি স্টেশনে মানুষ টিকেট কেটে দাঁড়িয়ে আছে ওই নির্বাচনী ট্রেনে উঠার জন্য। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু কেউ কেউ দিবা স্বপ্ন দেখছেন, নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল, আমরা রক্ত দিতে জানি, আমরা ১৭ বছর আওয়ামীলীগের জেল জুলুম সহ্য করে প্রমাণ করেছি, আমরা কারো কাছে মাথা নত করতে শিখিনি। দেশের প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও যদি বুক পেতে দিতে হয় আমরা চুল পরিমান বিচ্যুত হব না। ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের শক্তি কারো নেই। তবে আওয়ামীলীগ এবং তাদের মিত্ররা যাতে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেই দিকে সবাইকে সর্তক থাকতে হবে।
তিনি গতকাল শুক্রবার রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন- দল ও ধর্মের উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। প্রমাণ করতে হবে, মোহনপুর ও ঘোষপাড়ার মাটি ধানের শীষের ঘাটি।
তিনি বলেন- একটি গণতান্ত্রিক সভ্য দেশে সব দল ও ধর্মের মানুষ নিজের কর্ম দ্বারা মর্যাদা বৃদ্ধি করবে, পরিবার পরিজন নিয়ে নিরাপদে বসবাস করবে, এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। যার পরিণতিতে শেখ হাসিনা এবং আওয়ামীলীগকে জনরোষে দেশ থেকে পালাতে হয়েছে।
আব্দুল কাদির টেনু সরদারের সভাপতিত্বে এবং আব্দুস সালাম ও আতাউর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডঃ এস এম বজলুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এস এম আউয়াল, মুজিবুর রহমান, দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, মর্তুজা আহমেদ রিপন, এডঃ খন্দকার শাহীন, আনোয়ার হোসেন আনু, ডাক্তার প্রভাষ চন্দ্র দেব, আবদুল মজিদ, আব্দুল আহাদ কামাল, এপিপি এডঃ মিঠু গোপ, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, এমদাদুল হক ইমরান, সৈয়দা লাভলী সুলতানা, সুরাইয়া খান রাখি, আবিদুর রহমান রাকিব, আমিনা খাতুন প্রমুখ।