স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও পণ্যের দামে লেগেছে আগুন। সবজিসহ ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ পড়েছেন মারাত্মক সংকটে। হবিগঞ্জ শহর, নবীগঞ্জ, বানিয়াচং, মাধবপুর ও লাখাই উপজেলাসহ প্রায়ই সবকটি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিনই চাল, ডাল, তেল, সবজি, ডিম, মাছ, মুরগি ও মাংসের দামে ওঠানামা হচ্ছে। কোনো নির্দিষ্ট দামের নিশ্চয়তা নেই-একই পণ্য এক দোকানে কম দামে, অন্য দোকানে বেশি দামে বিক্রি হচ্ছে। হবিগঞ্জ শহরের চাষিবাজার, চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, নবীগঞ্জ ও মাধবপুরসহ বিভিন্ন উপজেলার বাজারে সবজির দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। বর্তমানে প্রতি কেজি বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দুল ৮০-১০০ টাকা, করলা ১২০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, পটোল ১০০ টাকা, শসা ১২০ টাকা, মিষ্টি কুমড়া ১০০ টাকা, মুলা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা এবং আগাম শিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩শ টাকায়। সবজি বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে সবজির উৎপাদন কমে গেছে। ফলে বাইরের জেলা থেকে বেশি দামে পণ্য আনতে হচ্ছে। খুচরা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকা, আর সরু চাল ৮৫-৯০ টাকায়। মসুর ডাল ১৫৫-১৬০ টাকা কেজি, ছোলা ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা মিজানুর রহমান বলেন, “আগে ৫০০ টাকায় সপ্তাহের বাজার হতো, এখন একদিনেই শেষ হয়ে যায়। মাছ-মাংস তো দূরের কথা, সবজিও এখন বিলাসপণ্য।” হবিগঞ্জ বাজারে চাষের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে কেজি ৩৮০-৪৫০ টাকায়, তেলাপিয়া ২৪০ টাকায়, আর পাঙাশ ২০০-২৩০ টাকায়। চাষের চিংড়ি ৭৫০ টাকা, নদীর চিংড়ি ১২০০ টাকা, ইলিশ ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ টাকা, সোনালি জাতের মুরগি ৩০০ টাকা, আর ডিমের প্রতি ডজন দাম ১৫০ টাকার কাছাকাছি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০টাকা, আর খাসির মাংস ১২০০-১২৫০ টাকায়। রিকশাচালক নূরুল ইসলাম বলেন, “দিনে ৭০০-৮০০টাকা কামাই করি, ভাড়ায় ঘর নিছি ২৫০০ টাকা। এখন বাজারে ঢুকলেই ভয় লাগে। মাসে একদিন মাংস খাইতাম, এখন কয়েক মাসেও পারি না।”
গৃহপরিচারিকা রহিমা বেগম বলেন, “মাসে ১০-১২ হাজার টাকা পাই, সব বাজারে দিয়া শেষ। বাচ্চাদের দুধ, স্কুলের খরচ কিছুই সামলাইতে পারতাছি না।”
শায়েস্তানগর বাজারের এক সবজি বিক্রেতা বলেন, “পাইকারি বাজারে পণ্য কমে আসছে, ভাড়া খরচও বেশি। তাই দাম বাড়ে। আমাদের লাভ অনেক না, সমস্যা পুরো সিস্টেমে।” সচেতন মহল বলছেন, “হবিগঞ্জের বাজারেও সিন্ডিকেট প্রভাব স্পষ্ট। স্থানীয় সরবরাহ চেইনের দুর্বলতা, পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের কারণে পণ্যের দাম বেড়েই চলছে।” তারা আরও বলেন, “সরকারি পর্যায়ে নিয়মিত মনিটরিং ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না হলে এই অস্থিরতা কমানো সম্ভব নয়।”
মোট কথা হবিগঞ্জের নিত্যপণ্যের বাজারে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষের জীবনে নেমে এসেছে নাভিশ্বাস। সরকারি মনিটরিং থাকলেও দৃশ্যমান পরিবর্তন নেই। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদপে গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।