স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশের গোপলার বাজার ফাঁড়ির সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে দেবপাড়া বাজারস্থ ইসলাম কমপ্লেক্স (সাহেদ মিয়া মার্কেট) থেকে সাতাইহাল (দক্ষিণ কুর্শা) গ্রামের হাজি কমর উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪৮) কে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল জানান, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এ অভিযান চালানো হয়। লিটন মিয়াকে ইয়াবাসহ হাতে-নাতে ধরা গেলেও তার সহযোগী ও মূলহোতা আজাদ মেম্বার আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” স্থানীয় এলাকাবাসী জানান, আজাদ মেম্বার ও লিটন দীর্ঘদিন ধরে দেবপাড়া বাজার ও আশপাশের এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। শুধু তাই নয়, তাদের পেছনে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে। আজাদ মেম্বার মাদক ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ চান এদের সবাইকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতার লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আজাদ মেম্বারসহ অন্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”