
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনে নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছে আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখা। আইসিটি মন্ত্রী জুনায়েদ আহম্মদ পলকের চুনারুঘাট সফর নিয়ে এক মত বিনিময় সভায় এ সমর্থনের কথা ব্যক্ত করেন দলের নেতারা। এতে করে নির্বাচন পরবর্তী সময়ে দলীয় নেতা কর্মীদের মাঝে সৃষ্ট মত বিরোধের অবসান হলো।
ব্যরিস্টার সুমনের আহবানে সাড়া দিয়ে আগামী ৩ ফেব্রুয়ারী চুনারুঘাটে আসছেন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা হল রুমে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেন জিতু। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মিরাশি ইউপি চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলীসহ আওয়ামীলীগ ও অঙ্গ স্যগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতে আওয়ামীলীগ নেতা মোক্তাদির কৃষান চৌধুরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দেয়। পরের দলের শীর্ষ নেতারা নব নির্বাচিত এমপি’র প্রতি অকুন্ঠ সমর্থন জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি দলের বিপক্ষে নির্বাচন করিনি, করেছি নৌকার মাঝির বিরোদ্ধে। এখন আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।