মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে সিএনজি চালক ও ব্যাটারি চালিত শ্রমিকদের সংঘর্ষে আহত ৫ ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় পার্কিং নিয়ে সিএনজি চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ ঘটনায় হাসপাতালে এসেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শায়েস্তানগর মাছুলিয়া এলাকার মৃত ময়না কবিরাজের পুত্র রিকশা চালক শিপন মিয়া (২৫) কে আটক করে পুলিশ। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
জানা যায়, গতকাল সোমবার বিকালে কোর্ট স্টেশন এলাকায় পার্কিং নিয়ে রিচি এলাকার জামাল মিয়ার পুত্র সিএনজি চালক রোমান মিয়ার সাথে রিকশা চালক শিপনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিপনের পক্ষ নিয়ে রিকশা চালকরা রোমানের ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে উভয়পক্ষে সংঘর্ষ হয়।
খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণ দাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং শিপন কে আটক করলে অন্যরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রোমান মিয়া (২২), রাজ মিয়া (২০) কে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে রাতে থানায় উভয়পক্ষের শ্রমিকরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com