স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন মাংসের দোকানে সরকারি তালিকার চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এতে প্রায়ই ক্রেতা ও মাংস বিক্রেতাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে পত্রিকায় ধারাবাহিক সংবাদ হলে প্রশাসনের টনক নড়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ থেকে মাংস বিক্রির নির্ধারিত মূল্য দেয়া রয়েছে। কিন্তু বিক্রেতারা অতিরিক্ত মূল্য আদায় করতে মূল্য তালিকা প্রদর্শন করছে না। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে সানু মিয়া, রেনু মিয়া ও ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ। অপরদিকে ক্রেতারা অভিযোগ করেন প্রায়ই শায়েস্তানগর ও চৌধুরী বাজারে মাংসের দোকানে প্রতিকেজি গরুর মাংস ৫৫০ টাকার পরিবর্তে ৬শ থেকে সাড়ে ৬শ আদায় করা হয়। এমনকি ১ কেজি মাংসের সাথে আড়াইশ গ্রাম চর্বি ও হাড় দেয়া হয়।