ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত ইট, সিমেন্ট ও পানির পাম্প চুরি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) আশ্রয়ণ প্রকল্পের রাজমিস্ত্রী হুমায়ুন মিয়া বাদী নবীগঞ্জ থানায় দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রয় প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২টি কক্ষ ১টি বারান্দা ও ১টি স্বাস্থ্য সম্মত টয়লেট নিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলায় ১ম ধাপের ১১০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। ২য় ধাপের ৬০টি ঘরের কাজ চলমান রয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের খাস জমির উপর ৫৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। বেঠাখাল গ্রামের ভূমিহীনদের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন সময় নির্মাণ কাজের দায়িত্বে থাকা সহযোগী রাজমিস্ত্রী মুজিবুর রহমান বৈঠাখাল গ্রামের ভূমিহীন পাড়ার লিলু মিয়া, সিএনজি চালক মোজাহিদসহ কয়েকজনের সহযোগীতায় গত (১২ জুলাই) রাতের আধারে প্রিমিয়ার কোম্পানির ৫০ বস্তা সিমেন্ট, ৪ হাজার মাস্টার ইট ও একটি গাজী পানির পাম্প চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে নবীগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে (১৫ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় (১৬ জুলাই) সকালে নবীগঞ্জ থানায় দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ কাজ চলাকালীন সময় ইট, সিমেন্ট ও পানির পাম্প চুরির ঘটনায় রাজমিস্ত্রী হুমায়ুন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিপূর্বে আরও ৩টি আশ্রয়ণ প্রকল্পে চুরি ঘটনা ঘটেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, আশ্রয়ণ প্রকল্পে চুরির ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্তপূর্বক এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।