মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে চুরির অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৩৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত ইট, সিমেন্ট ও পানির মটর চুরি ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সরেজমিন পরিদর্শন করে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রয় প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২টি কক্ষ ১টি বারান্দা ও ১টি স্বাস্থ্য সম্মত টয়লেট নিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলায় ১ম ধাপের ১১০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। ২য় ধাপের ৬০টি ঘরের কাজ চলমান রয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের খাস জমির উপর ৫৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। বেঠাখাল গ্রামের ভূমিহীনদের অভিযোগ, আশ্রয় প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন সময় নির্মাণ কাজের দায়িত্বে থাকা রাজমিস্ত্রী মুজিবুর রহমান বৈঠাখাল গ্রামের ভূমিহীন পাড়ার সিএনজি চালক মোজাহিদসহ কয়েকজনের সহযোগীতায় ২-৩দিন পূর্বে প্রায় ৫০ বস্তা সিমেন্ট, ৫ হাজার ইট ও একটি পানির মটর রাতের আধারে চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে নবীগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনার পর রাজমিস্ত্রী মুজিবুর রহমানের কোনো হদিস পাওয়া যাচ্ছেনা। বৈঠাখাল গ্রামের আফিজ উদ্দিন বলেন, সিএনজি চালক মোজাহিদ ও রাজমিস্ত্রী মুজিবুর আমার কাছে ৩৫০ টাকা ধরে ২০ বস্তা সিমেন্ট ও কিছু ইট বিক্রি করেছে, এই সিমেন্ট ও ইট সরকারি কী না আমার জানা নেই। চুরি ঘটনায় অভিযুক্ত সিএনজি চালক মোজাহিদ মিয়া বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, আমি এ বিষয়ে কিছুই জানিনা। অভিযুক্ত রাজমিস্ত্রী মুজিবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এ প্রসঙ্গে আশ্রয়ন প্রকল্পের নির্মাণের দায়িত্ব থাকা সাব-ঠিকাদার হুমায়ুন আহমেদ বলেন, বৈঠাখাল আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের ইট, সিমেন্ট ও পানি উত্তোলনের মটর চুরি হয়েছে। এ বিষয়ে আমি বাদী হয়ে মামলা দায়ের করবো। মালামাল সরবরাহকারী আব্দুল আলীম জানান, কিছু সিমেন্ট ও ইট চুরি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া বলেন, ইট, সিমেন্ট চুরির বিষয়টি আমাকে রাজমিস্ত্রী হুমায়ুন জানিয়েছে। তবে কত বস্তা সিমেন্ট ও কত হাজার ইট চুরি হয়েছে তার সঠিক পরিমান এখনো জানা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিপূর্বে আরও ৩টি আশ্রয়ণ প্রকল্পে চুরি ঘটনা ঘটেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com