লাখাই প্রতিনিধি ॥ সামাজিক অপরাধ প্রতিরোধ ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পুলিশিং সভা ও উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তাজুল ইসলাম মোল্লা তাজ।
সমাবেশে উপস্থিত বক্তারা উল্লেখ করেন যে, অপরাধমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক, জুয়া, ইভটিজিং ও চুরির মতো সামাজিক ব্যাধি নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার ওপর তারা জোর দেন। তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে অভিভাবকদের বাড়তি নজরদারির আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, জনসাধারণের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করছে পুলিশ। তিনি স্পষ্ট করেন, যেকোনো ধরনের অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাখাই থানা পুলিশ “জিরো টলারেন্স” নীতি বজায় রাখছে। যেকোনো ঘটনার ক্ষেত্রে আইন নিজের হাতে না তুলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তার জন্য তিনি সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম মোল্লা তাজ এ ধরনের সচেতনতামূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ সামাজিক অপরাধ কমাতে ইতিবাচক প্রভাব ফেলে। এলাকার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি টিকিয়ে রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি।
সভা শেষে লাখাইয়ের সামাজিক সৌহার্দ্য বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সব মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।