লাখাই প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী জালাল মিয়া (৫০)। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মহাসড়কের অলিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি উত্তর গ্রামের গুনিহাটি এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে মোড়াকরি এলাকা থেকে পারিবারিক এক অনুষ্ঠানে (সুন্নতে খতনা) অংশ নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে অলিপুরের দিকে রওনা হন জালাল মিয়া। পথিমধ্যে মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতের মরদেহ বা স্বজনদের কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
এদিকে, জালাল মিয়ার আকস্মিক মৃত্যুর খবরে লাখাইয়ের মোড়াকরি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের শোকে ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।