স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ শেষে এসব কথা বলেন তিনি। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুন কৃষ্ণ পাল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ইসমাত কামাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হোসাইন সৌরভ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ এবং জেলা পরিষদ ও পল্লীবিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।