লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পুজা মন্ডপ দায়িত্ব পালন করবে। উপজেলা বিএনপির পক্ষ থেকেও একটি স্বেচ্ছাসেবক দল কাজ করবে। পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গানবাজনা করা যাবে। তবে মাদক সেবন এবং ডিজে গান বাজানো নিষিদ্ধ থাকবে।
সভায় বক্তব্য দেন সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ আজম, পূজা উদযাপন ফ্রন্টের অপূর্ব চন্দ্র দেবসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।