এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস ও কর্মসংস্থান নিয়ে বঞ্চিত জনপদের উন্নয়নে কিছুই করেনি মার্কিন কোম্পানী শেভরন। রাজনৈতিক দেউলিয়াত্ব, দালালী আর মতানৈক্যের ফলে কার্যকর কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। কার্যসিদ্ধি করে চলে যাচ্ছে শেভরন। বিবিয়ানায় শেভরন স্বত্ব বিক্রির চুড়ান্ত সিদ্ধান্ত সরকারকে জানিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রের মালিকানাধীন পেট্রোবাংলা ওই স্বত্ব ক্রয়ে আগ্রহী বলে খবর পাওয়া গেছে। এনিয়ে হতাশ বিবিয়ানায় কর্মরত স্থানীয় শ্রমিকরা। গ্যাসের দাবিতে হরতাল, অবরোধ, প্রবাসীদের আন্দোলন, স্থানীয়দের তরফ থেকে বিভিন্ন কর্মসূচী এবং জাতীয় প্রেসক্লাব ক্যাম্পাসে মানববন্ধন কিছুতেই আশার দেখা দেয়নি। কেবলমাত্র শহরের পৌর এলাকায় প্রায় চারশতাধিক গ্রাহককে গ্যাসের সংযোগ দেয়া হয়েছে। বঞ্চিত রয়েছে গ্যাসের উৎপত্তিস্থল ইনাতগঞ্জ, দীঘলবাঁক ও আউশকান্দি ইউনিয়নসহ উপজেলার জনপদ। শেভরন ৩টি ফিল্ড থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮শ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন নারী আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বে নিয়োজিত ওই নারী সদস্য বলেন, বংলাদেশে গ্যাসের চাহিদার ৫০% পূর্ণ করছে নবীগঞ্জে বিবিয়ানার গ্যাস। গ্যাস ক্ষেত্রের চারটি কূপ নর্থ, সাউথ, সাউথ সাউথ ইষ্ট থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রীডে সঞ্চালন হয়। স্থানীয় লোকজন গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। গ্যাসের দাবিতে স্থানীয় জনপদে ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে আপনার মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে? জবাবে মন্ত্রী নসরুল হামিদ বলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাভুক্ত বিবিয়ানার গ্যাস উত্তোলনে নিয়োজিত রয়েছে মার্কিন কোম্পানী শেভরন বাংলাদেশ লিঃ। স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহের জন্য বিভিন্ন ব্যাসের ৫৩.৫৭ কিলোমিটার পাইপ লাইন স্থ’াপিত হয়েছে। ১৮৬৩টি সংযেগের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে। বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর কোন গ্যাস বিতরণের নেটওয়ার্ক নেই। শুধুমাত্র স্বল্প সংখ্যক আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের জন্য পাইপ লাইন স্থাপন আর্থিক ভাবে লাভজনক নহে। সরকারী অনুদান ছাড়া বিবিয়ানা এলাকায় পাইপ লাইন সম্প্রসারণ সম্ভব নয়। সরকারী অনুদান পাওয়াগেলে বর্ণিত এলাকাসমূহে সংযোগ প্রকল্প গ্রহণ করা যাবে।
উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের সীমান্তবর্তী আউশকান্দি মহাসড়কের নিকটে সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস লাইনের আরএসএস (ষ্টেশন) স্থাপন করে। ২০১২ সালে ৬ মাস কর্মদিবসের চুক্তিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ফরেন ইতালিয়ান কোম্পানী ওই কাজ সম্পন্ন করে। ষ্টেশন নির্মাণের পর দ্রুত গতিতে সিভিল ওয়ার্কিং (হিটারের) কাজ চালু হয়।
শেভরণ, জালালাবাদ এবং স্থানীয় সুত্রে জানা যায়, ১৯৯৭ সালে আবিস্কৃত কুশিয়ারা নদীর বিবিয়ানা প্রশাখায় ত্রিমাত্রিক ভূতাত্বিক জরিপ চালিয়ে গ্যাসের সন্ধান পায় মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল। প্রাথমিক ভাবে ৪০ একর ভূমি অধিগ্রহণ করে ওই বছরই ড্রিলিং কাজ শুরু করে। সরকারী অনুমোদন সাপেক্ষে ’বিবিয়ানাগ্যাস ক্ষেত্র’ নামে খননের প্রাথমিক কাজ শুরু হয়। ৫টি কুপ খননের পর ২০০০ সালে অক্সিডেন্টাল বিবিয়ানার দায়িত্ব ইউনিকলের নিকট হস্তান্তর করে। ইউনিকল ২০০৫ সালে অপর মার্কিন কোম্পানী শেভরনের নিকট সার্বিক দায়িত্ব ছেড়ে দেয়। ২০০৭ সালে ৫ মার্চ জাতীয় গ্রীডে বিবিয়ানার গ্যাস সঞ্চালনের কাজ শুরু হয়। ২০১০ সালে নবীগঞ্জ পৌর এলাকায় গ্যাস সরবরাহের দাবি একনেকে অনুমোদিত হয়। এরই প্রেক্ষিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেটস্থ জালালাবাদ আউশকান্দি মহাসড়কের সন্নিকটে স্থাপিত স্টেশন থেকে প্রায় ৭ কিঃমিঃ পাইপ লাইন সম্প্রসারণ করে। ২০১৩ সালে পৌর এলাকায় গ্যাস সংযোগ চালু হয়। জালালাবাদের এক কর্মকর্তা বলেন, নবীগঞ্জ পৌরসভায় গ্যাস সংযোগে পাইপ লাইন সম্প্রসারণে যে ব্যয় হয়েছে গ্রাহকদের নিকট থেকে দুই যোগেও উত্তোলন হবেনা। কর্মকর্তা, কর্মচারী আর গ্যাসের মূল্য সরকারকেই পরিশোধ করতে হবে।