স্টাফ রিপোর্টার ॥ বাহুবল থানা সংলগ্ন হবিগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ভূমির একসনা বন্দোবস্তকৃত প্রায় ৫০টি দোকান কক্ষ সরজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। পরিদর্শনকালে তিনি প্রতিটি দোকানেই যান এবং ইজারাদারদের সাথে কথা বলেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, একসনা বন্দোবস্তকৃত জেলা পরিষদের বিভিন্ন ভূমিতে নির্মিত দোকান কক্ষের ভাড়া ৩ থেকে ৪ বছর কোন কোন জায়গায় তার চেয়েও বেশি বকেয়া রয়েছে। উক্ত বকেয়া ভাড়া আদায়ের জন্যে ইতোমধ্যে একাধিকবার করে নোটিশ প্রদান করা হয়েছে। তারপরও ইজারাদারগণ নিয়ম মাফিক ভাড়া প্রদান করছেন না। পরিদর্শনকালে আহমেদ আলী মুকিব সাংবাদিকদের বলেন, উনারা নিয়ম অনুযায়ী সরকারি ভাড়া পরিশোধ করছেন না। এতে সরকারি রাজস্ব আদায়ে বিলম্ব হচ্ছে। জেলা পরিষদ এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি ইজারাদারদের দ্রুত বকেয়া ভাড়া প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় ইজারা বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন যে জেলা পরিষদের রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জনাব অরুন কৃষ্ণ পাল, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, হবিগঞ্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বাহুবল উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।