স্টাফ রির্পোটার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে অলিপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমত ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে। সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া ২০ টাকার স্থলে তারা নিচ্ছেন ৩০ টাকা। ফলে হয়রানীর শিকার হচ্ছেন যাত্রীরা। এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেক যাত্রীর দাবি, নির্ধারিত ভাড়া জনপ্রতি ২০ টাকা নেওয়া টাকার স্থলে এখন ৩০ টাকা আদায় করছেন চালকরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং সিএনজি সমিতির সভাপতি জাহির আহমেদ সোহেল বলেন, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর পর্যন্ত একজন যাত্রীর নির্ধারিত ভাড়া ২০ টাকা, বর্তমানে এই ভাড়াই কার্যকর রয়েছে।
তিনি আরও জানান, রাত ১০টার পর কোনো যাত্রী একা গেলে কিছু ক্ষেত্রে সিএনজি চালকরা ৩০ টাকা ভাড়া নিয়ে থাকেন। তবে রাত ১০টার আগে কোনো চালক যদি ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা ভাড়া আদায় করেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ পাওয়া যায়, তাহলে ওই চালকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অলিপুর সিএনজি সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন জানান, অলিপুর-শায়েস্তাগঞ্জ রুটে জনপ্রতি ভাড়া ২০ টাকাই নির্ধারিত। কোনো চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে এবং তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সমিতির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি বলেন, মাঝেমধ্যে দীর্ঘ যানজটের কারণে চালকরা যাত্রীদের সম্মতিতে অতিরিক্ত ৫ থেকে ১০ টাকা বেশি নিয়ে থাকেন।