স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল সড়কে অবস্থিত প্রধান বিদ্যুৎ অফিসে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সার্কিট ব্রেকারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আছমত আলীর পুত্র ইয়াছিন, রুবেল, সঞ্জয় ও অজ্ঞাত ১ জন। দুর্ঘটনার কারণে শহরের একাংশ প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলো।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠিকাদার আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে শাহজিবাজার থেকে আসা ৩৩ কেভি (৩৩ হাজার ভোল্ট) ইনকামিং লাইনের সার্কিট ব্রেকারে কাজ করার জন্য ফোরম্যান সাহাব উদ্দিনের নেতৃত্বে শ্রমিকরা সার্কিট ব্রেকার কক্ষে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, ৩৩ হাজার ভোল্টের বাসবার আইসোলেটর বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করতে বলা হয়। এতে দুর্ঘটনায় ৪জনই গুরুতর আহত হন। এর মধ্যে ৩জনের শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে। আহতদের প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ফোরম্যান সাহাব উদ্দিন মোবাইল ফোনে জানান, আহতদের সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ বিভাগের উপস্থিত কর্মকর্তারা ছিলেন সাব-ইঞ্জিনিয়ার শামীম, সহকারী প্রকৌশলী ফারহান এবং সিলেটের অপারেটর এসবিএ রতন।