স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি করার সময় জালাল আহমেদ রাজু (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে সে জানায়, এসব লোহার ট্যাব, পাইপ, চুরি করে রামপুর খোয়াই বাঁধের ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্র কোর্টসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের মোটর, ট্যাব, লোহার পাইপসহ যন্ত্রাংশ চুরি করে ভাঙ্গারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। সদর থানার ওসি বারবার নিষেধ করার পরও ভাঙ্গারী ব্যবসায়ীরা এসব ক্রয় করছেন। ফলে চোরদের ধরেও দমন করা যাচ্ছে না। রবিবার বিকালে চীফ জুডিসিয়াল কোর্ট ভবনের ৬ তলার নারী শিশু ট্রাইব্যুনাল কোর্টের বাথরুমের ট্যাব চুরির সময় রাজুকে আটক করে সদর থানায় খবর দিলে এসআই আওলাদ তাকে থানায় নিয়ে আসেন। সে মাষ্টার কোয়ার্টার এলাকার মহসিন খানের পুত্র। এ ঘটনায় নারী শিশু ৩ আদালতের স্ট্রেনোগ্রাফার এনামুল হক সদর থানায় একটি অভিযোগ দেন। ওসি জাহিদুল হক জানান, চোর ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হবে।