নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এবং ম্যানেজার ফোরামের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের হেনস্থা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংগঠন ভাঙার চেষ্টার অভিযোগে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) মোঃ মোশাহীদ আলীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতার দায়ে রেনেটার এরিয়া ম্যানেজার আবু হানিফকে ফারিয়ার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি, জিসকা ফার্মার এরিয়া ম্যানেজার জাকারিয়া আহমেদকে নবীগঞ্জ ফারিয়া ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। একই সাথে ফারিয়ার কোনো সদস্যপদ না থাকা সত্ত্বেও বহিরাগত হিসেবে নাশকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত থাকায় জয়ন্ত দাশ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার তারেক আহমেদকে ফারিয়ার উপদেষ্টা নির্বাহী সদস্য এবং প্রাইম ফার্মার স্বপন রবি দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।
গত ১৫ জুন নবীগঞ্জের ওসমানী রোডস্থ নাইস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সভায় ফারিয়া ও ম্যানেজার ফোরামের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়।
অভিযোগ, মোশাহীদ আলী ডাক্তার ভিজিটের সময় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের আগে ভিজিট করতে বাধা প্রদান এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সহকর্মীদের হেনস্থা ও লাঞ্ছিত করতেন। এমন আচরণের শিকার হয়েছেন ইনসেপ্টা’র মুমিনুল ইসলাম ও হেলথ কেয়ারের ছাদিকুর রহমানসহ একাধিক প্রতিনিধি। এছাড়া স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির একজন ব্যবসায়ীকেও তিনি রাজনৈতিক পদ-পদবির ভয় দেখিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ফারিয়া সূত্রে জানা যায়, রেনেটা ফার্মার এমপিও মোঃ মোশাহীদ আলী প্রথম দিকে নবীগঞ্জ ফারিয়ার সদস্য পদ লাভে অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে তিনি সদস্যপদ গ্রহণ করেন। সদস্য হওয়ার পর থেকেই তিনি পেশাগত দায়িত্বের চেয়ে রাজনৈতিক পরিচয় প্রকাশে বেশি ব্যস্ত থাকতেন এবং নিয়মিত সাংগঠনিক ফি পরিশোধ করতেন না।
উল্লেখ্য যে, সবার সম্মতিক্রমে ফারিয়া’র রেজিষ্ট্রেশন কার্যক্রম ২০২৩ইং সালের জুন মাস থেকে শুরু হয় এবং মাসিক ফি’র কার্যক্রম জানুয়ারি ২০২৪ইং সাল থেকে চালু হয়।
সম্প্রতি জানা যায়, বিগত ১ বছরের মধ্যে ৯ মাস যাবৎ মোশাহীদ আলী তার সহকর্মী আতিকের কাছ থেকে ফারিয়ার মাসিক ফি বাবদ টাকা সংগ্রহ করে আসছিলেন, যা ফারিয়ার ফান্ডে জমা হয়নি। আতিক এর ফারিয়াতে আনুষ্ঠানিক নিবন্ধন না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে ফারিয়ার সভাপতি, ম্যানেজার ফোরামের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক রেনেটার এরিয়া ম্যানেজার আবু হানিফকে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার অনুরোধ জানান। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি। উল্টো ফারিয়ার সভাপতি এবং আতিককে হুমকি দেয়া হয়। একই সাথে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ম্যানেজার ফোরামের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ সবাইকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যানেজার ফোরামের এক জরুরি সভা আহবান করা হয়। কিন্তু হুমকী-ধামকীসহ বিভিন্ন কারণে সভাটি বাতিল করা হয়।
পরবর্তীতে ম্যানেজার ফোরামের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হুমকি দেওয়ার কারনে আলোচনা সভা বাতিল করার বিষয়টি ফারিয়ার সভাপতিকে অবগত করলে তিনি রেনেটা ফার্মার আরএসএম-কে বিষয়টি অবহিত করলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় পরও কোনো সমাধান হয়নি।
এদিকে মোশাহীদ আলীকে আহ্বায়ক, মিজানুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য হিসেবে মোঃ আব্দুল হাদী, হরিপদ রায়, রাজীব চক্রবর্তী, মোঃ হেলাল আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম ও জয়ন্ত দাশকে নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে মোশাহিদ ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় প্রকৃত পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজারদের নিজ নিজ সহকর্মীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
আগামী ২৩শে জুন নবীগঞ্জের ওসমানী রোডস্থ নাইস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে সকল এরিয়া ম্যানেজার ও সাধারণ প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সাধারণ সভা আহ্বান করার সিদ্ধান্ত নিয়ে উক্ত জরুরি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।