স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব সংগীত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সংগীত উৎসব। জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জের আয়োজনে রবিবার (২১ জুন) বিকাল ৫টায় বেলুন উড্ডয়নের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, সংগীত মানুষের মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর আহবায়ক ও প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং জেলা জাসাস আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানবিক, অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তারা নতুন প্রজন্মকে সংগীত ও সংস্কৃতিচর্চার সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীত পরিবেশনা। হবিগঞ্জ জেলার ১৩টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৩০০ জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত সংগীত দর্শকদের মুগ্ধ করে। শিল্পীদের সুরের মূর্ছনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে এবং দর্শকদের প্রাণবন্ত করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জ; বাংলাদেশ শিশু একাডেমি, হবিগঞ্জ; জেলা জাসাস, হবিগঞ্জ; সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র, হবিগঞ্জ; হবিগঞ্জ শিল্পী সমাজ; বিহঙ্গ সংগীত নিকেতন; সুরসায়র সংগীত বিদ্যায়তন; হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ; হবিগঞ্জ শিল্পী সংস্থা; সুরধারা শিল্পী সংস্থা, হবিগঞ্জ; তারুণ্য মিউজিক্যাল একাডেমি; নগর একতারা শিল্পী গোষ্ঠী এবং সপ্তসুর শিল্পী গোষ্ঠী।
এতে যন্ত্রশিল্পী হিসেবে অংশ নেন টেনু মিয়া (কিবোর্ড), দীপ্ত আচার্য্য (অক্টোপ্যাড), সুবীর কান্তি রায় (তবলা), ফজলু আলম (ঢোল) ও মুক্তার মিয়া (বাঁশি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেলী শারমিন রনি ও জান্নাতুল নওমি পূর্ণ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।।