ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার অভয়নগর এলাকায় এবাদত আলী (চিকন আলী) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দারা সকালে বাড়ির ভেতরে এবাদত আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পিবিআই দলের উপস্থিতিতে ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে অভয়নগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আইন শৃংখলা বাহিনী কাজ করছে।