স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বন্যাঝুঁকি নিরাপত্তার একমাত্র ভরসা খোয়াই নদীর শহর রক্ষা বাঁধের হরিপুর এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ, এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বাপা নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে আমরা জানতে পেরেছি যে, মাছুলিয়া ব্রিজ হতে খোয়াই সেতু পর্যন্ত ৩.১০ কিলোমিটার বাঁধের সংস্কার কাজ চলাকালীন কতিপয় স্বার্থান্বেষী ও অবৈধ দখলদার চক্র বাঁধের গাছ কেটে নিয়ে যাচ্ছে। খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি শুধু একটি মাটির কাঠামো নয়, এটি পুরো হবিগঞ্জ শহরবাসীর জানমাল রক্ষার ঢাল। প্রতি বছর বর্ষা মৌসুমে খোয়াই নদীর পানি যখন বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন এই বাঁধের ওপর থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা শিকড়ের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করে বাঁধটিকে টিকিয়ে রাখে। বাঁধের গাছ কাটা মানে শুধু পরিবেশের ক্ষতি করা নয়, বরং পুরো হবিগঞ্জ শহরকে এক ভয়াবহ বন্যার ঝুঁকিতে ফেলে দেওয়া। এই ঘটনার গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-হবিগঞ্জ শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন যৌথ বিবৃতিতে আরও বলেন, বাঁধের গাছ কাটার পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে সংস্কারাধীন এলাকাসহ খোয়াই নদীর পুরো বাঁধ স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে নিয়মিত তদারকি ও টহল নিশ্চিত করতে হবে।