স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার টহল ও মোটরসাইকেল মহড়া পরিচালনা করা হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও যানবাহন চেকিং করা হয়। পুলিশের উপস্থিতিতে শহরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, মোটরসাইকেল মহড়া ও বিশেষ অভিযান পরিচালনা করছে সদর থানা পুলিশ। অভিযানের প্রথম দিনেই সদর উপজেলার বহুলা এলাকা থেকে বাবুল মিয়া নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক বাবুল মিয়া রায়ধর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ওসি জাহিদুল হক জানান, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের নিয়মিত টহল ও অভিযানের কারণে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে আমরা আশাবাদী।”