নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাঁস বিক্রির ১ লক্ষ ৭২ হাজার ২৫০ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যবসায়ী ও তার সহযোগীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত ১৮ মে বিকালে নবীগঞ্জ-বানিয়াচং রোডের ফায়ার সার্ভিসের সামনে ব্রিজ সংলগ্ন পশ্চিম দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাঁস ব্যবসায়ী মো. সাজিদুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুজাখাইড় গ্রামের মৃত আবু ছালেহের ছেলে সাজিদুর রহমান ঘটনার দিন তার ফার্মের ৬৫০টি হাঁস বিক্রি করার জন্য ক্রেতার সাথে মূল্য নির্ধারণ করেন। ঘটনার দিন বিকালে ক্রেতা হাঁসগুলো গুনে গাড়িতে তোলার পর বিক্রির ১ লক্ষ ৭২ হাজার ২৫০ টাকা সাজিদুর রহমানকে বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এক পর্যায়ে ভুক্তভোগীদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা উপস্থিত সবাইকে প্রাণে মারার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।