মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ দীর্ঘ প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুনরায় স্বাভাবিক হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির মোট ১৬টি বগির মধ্যে পাঁচটি তেলবাহী ট্যাংকার বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং এর মধ্যে একটি বগি রেলসেতু থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।
এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ট্যাংকারগুলো থেকে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তেল সংগ্রহের হিড়িক পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভিড় ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বগিগুলো লাইন থেকে ছিটকে পড়ার পর মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপত্তা জোরদার করেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তেল লুটপাটের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়।
এদিকে, সরকারি সম্পদের অপচয় রোধে বিজিবি উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন ব্যবহার করে প্রায় ১ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করে। বিজিবির এ উদ্যোগে একদিকে যেমন মূল্যবান জ্বালানি রক্ষা করা সম্ভব হয়েছে, অন্যদিকে দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সহজ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয় এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় আনা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত বগিগুলোতে প্রায় ২ লাখ লিটার ডিজেল বহন করা হচ্ছিল, যার মধ্যে আনুমানিক ২০ থেকে ৩০ শতাংশ জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রেলওয়ের কর্মী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চালানো হয়। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করলে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়। তবে খালে পড়ে যাওয়া একটি বগি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেললাইনের ত্রুটি, যান্ত্রিক সমস্যা কিংবা মানবিক ভুল, সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেট অঞ্চলের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীরা অনিশ্চয়তায় সময় কাটান এবং অনেকেই বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকতে বাধ্য হন। ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব পড়ে, বিশেষ করে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com