স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এদিনেই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে মহান মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সুচনা করা হয়। তৎকালীন বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিয়ে এখানে দু’দফায় বৈঠক করেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এমএজি ওসমানী। প্রথম বৈঠকেই তিনি নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধের সুচনা করেন। দিবসটি উপলক্ষে এবার অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রণালয়ের (এলজিইআরডি) মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক খান। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সদস্য সচিব হুমায়ূন কবির। ঐতিহাসিক এ স্থানটি এখনও চরম অবহেলায় পড়ে আছে। দিনে দিনে বিকৃত করা হয়েছে এর ইতিহাসও। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া নিয়ে আওয়ামী লীগের গোপন ইতিহাস ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায়ই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এমন বিকৃতি ঘটানো হয়েছে বলে মনে করছেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষকরা। তাদের দাবি, যাদের দিয়ে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে তাদেরকে পুরস্কার হিসেবে বিপুল বিত্তবৈভবের মালিক করা হয়েছে। বিদেশে সম্পদের পাহাড় গড়ে তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এমএজি ওসমানীর শিষ্য বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোর্তজা বলেন, কর্ণেল এমএজি ওসমানীর সভাপতিত্বে ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর কেএম শফিউল্লাহসহ দেশবরেণ্য সেনা কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্যে বৈঠকে বসেন। এখান থেকেই মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে ভাগ করা হয়। কর্ণেল এমএজি ওসমানী সভা শেষে নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সুচনা করেন। মুক্তিযুদ্ধ নিয়ে মোট ৩টি মিটিং হয়েছে। এর মধ্যে ২টি মিটিংই হয় তেলিয়াপাড়ায়। প্রথমটি ৪ এপ্রিল এবং দ্বিতীয়টি ১০ এপ্রিল। এটিই মুক্তিযুদ্ধকালীন প্রথম সেনা সদর দফতর ছিল। এসব মিটিংয়ে কোন রাজনৈতিক নেতৃত্ব কিংবা সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলনা। এটি শুধুই সেনাবাহিনীর কর্মকর্তাদের মিটিং ছিল। অনুসন্ধানে জানা যায়, মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার একটি বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এখান থেকেই যেমন মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সুচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম পাঠের অনুশীলন হয়, তেমনি এখানে সংগঠিত হয়েছে বহু সম্মুখ সমর। ২৮ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সময়ে এখানে সংগঠিত নানা বিষয় যেমন মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাসের অমূল্য উপাদান। তেমনি সম্মুখ সমরক্ষেত্র হিসেবেও এ স্থানের রয়েছে অতুলনীয় গৌরব। ২৫ মার্চ মধ্য রাতে পাক বাহিনী যে গণহত্যা চালায় তার প্রতিবাদে পাকিস্তানের অধীন বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যরা যার যার অবস্থান থেকে বিদ্রোহ করে শত্রুর মোকাবেলা করতে থাকে। কিন্তু রাষ্ট্রীয় সকল সুবিধাপ্রাপ্ত একটি সুসজ্জিত বিশাল সামরিক বাহিনীকে তৎকালীন সমস্যাসঙ্কুল যোগাযোগ ব্যবস্থা ও সীমিত সামর্থ নিয়ে প্রতিহত করা সহজসাধ্য ছিল না। এ জন্য প্রথমেই প্রয়োজন ছিল একটি সরকার এবং কেন্দ্রীয় নেতেৃত্বের অধীন সম্মিলিত সামরিক প্রয়াশ। কিন্তু তখন পর্যন্ত কোনো সরকার গঠিত না হওয়ায় সে সুযোগ ছিল না। এসব দিক বিবেচনায় বিদ্রোহী সেনা ইউনিটগুলোকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন। এ প্রক্রিয়ার ফলশ্রুতিতেই তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এবার ঐতিহাসিক স্থানটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে মনে করেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।