স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ইয়াকুব আলীর পুত্র ছাত্রদল সমর্থক মাহমুদুল হাসান বাদি হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ এর বিচারক আব্দুল মন্নানের আদালতে মামলা করেন। মামলাটি আগামী ৯ মার্চ শুনানীর জন্য তারিখ ধার্য্য করা হয়। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ আঙ্গুর আলীসহ বেশ কয়েকজন আইনজীবী। মামলায় আসামিরা হল, শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি এডভোকেট আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক এমপি মজিদ খান, সাবেক মন্ত্রী মাহবুব আলী, ব্যারিস্ট্রার সায়েদুল হক সুমন, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ ৫৬ জন।
বাদী আরজিতে উল্লেখ করেন- ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের নিকট ছাত্রজনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।