মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর ডিবিশন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যা স্থানীয় রাজনীতিতে চা শ্রমিকদের অন্যতম বড় জমায়েত হিসেবে আলোচিত হচ্ছে। সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগান এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগান থেকে কয়েক হাজার নারী-পুরুষ চা শ্রমিক অংশ নেন। ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মিছিল সহকারে সভাস্থলে প্রবেশ করেন। মাঠজুড়ে ছিল ধানের শীষের প্রতীক সম্বলিত প্যাকার্ড, পোস্টার ও ব্যানার। উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের পরিচিত নেতা সৈয়দ শাফকাত আহমেদ। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বাগান কমিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন।
২৮টি চা বাগানের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। এবার ২৮ বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন।” তারা জানান, দলমত নির্বিশেষে চা শ্রমিকরা নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চা শ্রমিক নেতা অবিরত বাক্তি বলেন, “চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা সংকটে ভুগছে। আজ আমরা সবাই একত্র হয়েছি- শুধু ভোট দেওয়ার জন্য নয়, নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আমরা ব্যালটের মাধ্যমে আমাদের অবস্থান প্রমাণ করব।”
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে ধানের শীষের প্রার্থী তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। একই সুরে কথা বলেন বিএনপি নেতা আলফাজ মিয়া, যিনি চা শ্রমিকদের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চা শ্রমিকদের প্রধান সমস্যা হলো নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। আমি নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকার ভত্তিতে কাজ করব। বাগানগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্কুল-কলেজ স্থাপন এবং রাস্তাঘাট উন্নয়ন করা হবে।” তিনি আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় পাশে থাকবেন। বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমি আজীবন চা শ্রমিক ভাই-বোনদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের দারিদ্র্য থেকে মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” তিনি শ্রমিকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান। সভা শেষে ধানের শীষের পক্ষে সেøাগান দিয়ে বিশাল শোভাযাত্রা বের হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চা বাগানভিত্তিক ভোটারদের ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ -৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।