বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। এ উপলক্ষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সংশ্লিষ্ট সকলের জন্য নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা জারি করেছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা-২৪০ (হবিগঞ্জ-২) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারণাকালে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে অনুদান দিতে পারবেন না। প্রতিপক্ষের মিছিল বা জনসভায় বাধা দেওয়া যাবে না এবং জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক বা জনসমাগমস্থলে সভা-সমাবেশ করা নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। তবে নির্ধারিত মাপ অনুযায়ী ব্যানার, ফেস্টুন, লিফলেট ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, যা ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত সাদাকালো হতে হবে। কোনো যানবাহনে ব্যানার, ফেস্টুন বা লিফলেট সাঁটানো নিষিদ্ধ। প্রচারণায় কেবল প্রার্থী নিজে ও তার বর্তমান দলীয় প্রতীকের ছবি ব্যবহার করা যাবে।
নির্বাচনী প্রতীকের উচ্চতা, প্রস্থ ও দৈর্ঘ্য ৩ মিটারের বেশি হতে পারবে না। ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, প্রতীক বা ভোট প্রার্থনার কোনো বাক্য ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও ভোটার স্লিপে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক।
এছাড়া বাস, ট্রাক, মোটরসাইকেল বা যেকোনো যান্ত্রিক যান ব্যবহার করে মিছিল বা শোডাউন নিষিদ্ধ করা হয়েছে। দেয়াল লিখন, গেইট বা তোরণ নির্মাণ এবং আলোকসজ্জাও সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত চরিত্র হনন, উসকানিমূলক, মানহানিকর, সাম্প্রদায়িক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দেওয়া যাবে না।
মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় ও সরকারি অফিসে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার এবং ভোটারদের প্রভাবিত করতে বলপ্রয়োগ বা অর্থ ব্যয় করা যাবে না। অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির ভেতরে লাঠি বা কোনো অস্ত্র বহন করতে পারবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি ৭টা ৩০ মিনিট থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ আচরণবিধি লংঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ারও বিধান রয়েছে। অতএব, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com