স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে-লাখাই সড়কে পিকআপের চাপায় ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এদিকে ওই ইমামের মরদেহ ময়নাতদন্ত নিয়ে অনেক সময় বিপাকে পড়তে হয়। পরিবার ময়না তদন্ত করতে না চাইলেও আইনী জটিলতা এড়াতে পুলিশের পক্ষ থেকে বলা হয় ময়নাতদন্ত করা হবে। পরে এলাকাবাসীর চাপে জুম্মার নামাজের পর বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। এশার নামাজের পর শত শত মসুল্লির উপস্থিতিতে জানাজার নামাজ শেষে মোহনপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা যায়, হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় পিকআপের ধাক্কায় টমটমের যাত্রী শহরের দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ নিহত হন। শুক্রবার ফজরের নামাজ পড়ে তার দুই শিশু বাচ্চার জন্য গরুর খাটি দুধ রিচি চকবাজার থেকে নিয়ে আসার পথে লংলার ব্রিজের অদূরে পেছন থেকে আসা পিকআপ টমটমকে চাপা দেয়। এতে সেলিম আহমেদ ঘটনাস্থলে মারা যান। ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা ও ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
হবিগঞ্জ সদর থানার এসআই সোহেল মাহমুদ লাশের সুরতহাল করে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। তিনি জানান, পিকআপ পুলিশ হেফাজতে আছে। চালক পলাতক আছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।